সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় বিজিবি ও পাহাড়ী নেতৃবৃন্দের সমন্বিত প্রয়াস: বিজিবি সেক্টর কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪৮

মো.গোলামুর রহমান।।

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি)-এর সার্বিক তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৫) স্থানীয় হেডম্যান-কারবারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি, জি+। এসময় রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এবং অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।

সভায় অত্র জোনের দায়িত্বাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা মুক্ত আলোচনা ও মতপ্রকাশের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকার সমসাময়িক নানা সমস্যা তুলে ধরেন এবং বিজিবির সহযোগিতা কামনা করেন।

দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ বা সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে সাথে সাথে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার জন্য সেক্টর কমান্ডার উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যে কোন প্রকার গুজব, সহিংসতা বা রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিহার করতে হবে। নির্বাচনকালীন সময়ে যে কোন ধরণের বিশৃঙ্খলার বিষয়ে যে কোন তথ্য পাওয়া গেলে তা বিজিবি’র নিকট শেয়ার করতে হবে। এছাড়া, পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনকে নির্ভয়ে ও উৎসবমূখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট এবং গণভোট প্রদানে সকলকে উৎসাহী করতে আমি আহবান জানাই।

৩৭ বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সকল হেডম্যান কারবারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এই ধরণের মতবিনিময় সভা এলাকার সার্বিক নিরাপত্তা ও পাহাড়ি-বাঙ্গালিদের মধ্যে সম্প্রীতি উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

মন্তব্য বন্ধ আছে