সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন ৩৭বিজিবি সর্বকালের শ্রেষ্ঠ সতর্কতায় আছেন – লে.কর্নেল তাসকিন
মো.গোলামুর রহমান।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নে প্রেস ব্রিফিং করে এসব কথা জানান অত্র জোনের জোন অধিনায়ক লে.কর্নেল শাহ্ নেওয়াজ তাসকিন পিএসসি। তিনি আরো জানান সীমান্তে রাজনগর ব্যাটালিয়ন ৩৭বিজিবি সর্বকালের শ্রেষ্ঠ সতর্কতা অবস্থানে রয়েছেন।
জোন অধিনায়ক বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে পালন করা হচ্ছে। এ বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উল্লেখ্য, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তকে যথাযথভাবে সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, জালনোট প্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এপ্রেক্ষিতে নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী এলাকার বিওপিসমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার এর মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সর্বমোট ০৪টি উপজেলায় ১৪টি ইউনিয়ন ও ৪৩টি ভোটকেন্দ্রের অন্তর্গত ভোটারদের সুষ্ঠু ও অবাধ ভোট প্রদানের জন্য সর্বদা মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। এর মধ্যে ০১টি স্থানে হেলিকপ্টারে যাতায়াতেরও সাহায্য নেয়া হবে।
আমি এই ব্রিফিংএ আপনাদের সবার এবং সর্বোস্তরের জনসাধারণের সহযোগিতা একান্তভাবে আশা করব। নির্বাচনের পূর্বে ও পরে যেকোন ধরণের নৈরাজ্য মোকাবেলায় ৩৭ বিজিবি, রাজনগর জোন সর্বদা আপনাদের পাশে থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এসময় অত্র জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান ও জোনের সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া সহ অন্যান্য অফিসার বৃন্দ।
মন্তব্য বন্ধ আছে