লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)”র বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মো.গোলামুর রহমান।।
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় বিজিবি’র বিশেষ অভিযানে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।
গতকাল শনিবার (১০ জানুয়ারি ২০২৬ তারিখ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গুলশাখালী ইউনিয়নের রুপনগর নামক স্থান দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী এক ব্যাগ গাঁজাসহ মোটরসাইকেল যোগে গমন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এর নির্দেশনায় বিজিবি টহলদল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে বিজিবি টহল দল গাঁজাসহ মোঃ আব্দুল মালেক (৩৫) নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ লংগদু থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে বিজিবি কর্তৃপক্ষ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহাড়াই নয়, জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগীতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, মাদক চোরাচালান বা অন্য যে কোন অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে অবহিত করতে।
মন্তব্য বন্ধ আছে