লংগদুতে মালিকানাহীন কুকুর নিধন বন্ধ ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে অবহিতকরণ
মো.গোলামুর রহমান।।
মালিকানাহীন কুকুর নিধন বন্ধ ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লংগদু উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মধ্যম বাইট্টপাড়ার একটি পাড়া কেন্দ্রে উক্ত সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সৌরভ সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাহাঙ্গীর হোসাইন বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি মালিকানাহীন কুকুর নিধনের পরিবর্তে টিকাদান ও মানবিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম বলি, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় চাকমা মিত্র, মিজানুর রহমান বাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক নির্মূলে সরকারের কার্যক্রমকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি, কুকুরের টিকাদান কার্যক্রম জোরদার এবং কামড়ের ঘটনায় দ্রুত চিকিৎসা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য বন্ধ আছে