বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্টঃ
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে বিলাইছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিলাইছড়ি জোনের আওতাধীন শুক্কুরছড়ির পাঁচোড়ি পাড়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে পাঁচোড়ি পাড়ার বিভিন্ন পরিবারের অসহায় সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এতে মোট ৩০ জন স্থানীয় বাসিন্দা সরাসরি উপকৃত হন। যার মধ্যে ১৮ জন পাহাড়ি পুরুষ এবং ১২ জন পাহাড়ি মহিলাকে মানসম্মত শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী কেবল নিরাপত্তা বা আইন-শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়, বরং পার্বত্য অঞ্চলের মানুষের যে কোনো দুর্যোগ ও প্রয়োজনে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। দুর্গম পাহাড়ে সাধারণ মানুষের শীতের কষ্ট দূর করতে সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
শীতবস্ত্র পেয়ে পাঁচোড়ি পাড়ার বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই পরম মমতা ও ভাতৃত্ববোধ তাদের মনে আত্মবিশ্বাস জোগায় এবং পাহাড়ের শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করে।
মন্তব্য বন্ধ আছে