কৃষি অফিসের আয়োজনে কাজু বাদাম ও ফলচাষ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ইসলাম।।
কৃষকদের উৎপাদন দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে কাজু বাদাম ও ফলচাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে লংগদু উপজেলা কৃষি অফিস।
বুধবার (১৬ জুলাই ) লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন। প্রশিক্ষণে ফলচাষ, কাজু বাদাম ও কৃষি গবেষণা, উন্নয়ন এবং সমস্যার সমাধান নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান যিনি বলেন,বর্তমান সময়ে বাজারে কাজু বাদাম ও কিছু বিদেশি ফলের চাহিদা ব্যাপক। এগুলোর চাষ করে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাফিল হক।
প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষকদের বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, চারা রোপণের সঠিক পদ্ধতি, রোগবালাই প্রতিরোধ ও ফল সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি তথ্যপত্র ও পরামর্শসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় কৃষকরা জানান, এমন উদ্যোগ তাদের বাস্তব জীবনে কাজে লাগবে এবং নতুন করে চাষে আগ্রহ বাড়াবে।
এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবিও জানান অংশগ্রহণকারীরা।